তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই -শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
মাহমুদুল হাসান মুক্তা :
জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে। ভোট ডাকাতিসহ জোর-জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সংযত কারণেই আজকে মানুষ স্বপ্ন দেখছে তাদের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে আগামীদিনে বাংলাদেশ একটি দুর্নীতি, দুঃশাসন, ভোটডাকাত লোটেরা, স্বৈরাচার এবং সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি সুন্দর স্বপ্নের জনগণের কল্যাণের বাংলাদেশ হবে।
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, সেই জনগণের কল্যাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদের প্রিয়নেতা জিয়াউর রহমান এবং প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই। আজ তারেক রহমান বিএনপির হাল ধরেছেন। দেশের হাল ধরেছেন। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, সেই এগিয়ে যাওয়ার সংগ্রামে বিএনপিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সৈনিকের ন্যায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলও আমাদের সাথে সেই যাত্রায় শরিক হবে। এ সময় তিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবীদলের বিশাল আয়োজনে যারা শরিক হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।
জামালপুর জেলা মৎস্যজীবীদলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মৎস্যজীবী দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি আব্দুল মালেক, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুর জেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ হোসেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যলায়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
