আগামী ১১ অক্টোবর শনিবার অনুষ্ঠিতব্য জামালপুরের দলিল লেখক সমাবেশের ভেন্যু পরিদর্শন করছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলার নেতৃবৃন্দ। ছবি- জামালপুর দিনকাল
স্টাফ রিপোর্টার │ জামালপুর দিনকাল
জামালপুরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, জামালপুর জেলা শাখার দলিল লেখক সমাবেশ। আগামী ১১ অক্টোবর, শনিবার আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে জেলার গুরুত্বপূর্ণ এই পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশের ভেন্যু পরিদর্শন করেন। তারা জানান, সমাবেশকে সফল করতে মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন সবাই।
নেতৃবৃন্দ বলেন, “দলিল লেখকরা ভূমি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পেশাগত দক্ষতা, নিরাপত্তা ও সম্মান রক্ষায় এই সমাবেশ হবে ঐক্যের প্রতীক।”
তারা আরও জানান, সমাবেশে জেলার সকল উপজেলা থেকে প্রতিনিধি অংশ নেবেন। পেশার নৈতিক মান রক্ষা, জনসেবামুখী ভূমি ব্যবস্থাপনা এবং সদস্যদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সদস্যবৃন্দ, উপজেলা প্রতিনিধি ও নবীন দলিল লেখকরা।
সমাবেশস্থল পরিদর্শন শেষে এক স্বতঃস্ফূর্ত পরিবেশে তারা আশাবাদ ব্যক্ত করেন- “দলিল লেখকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি মর্যাদাপূর্ণ ও স্বচ্ছ পেশাগত কাঠামো গড়ে উঠবে।”
