বর্ষা এলেই জামালপুর শহরের অনেক সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা পানির নিচে তলিয়ে যায়। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই কোথাও হাঁটু, কোথাও তারও পানি জমে। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা।
জলাবদ্ধতা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মূলত পরিকল্পনার অভাবের ফল। অপরিকল্পিত নগরায়ণ, খাল-নালা দখল ও ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কারের অভাব পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলছে।
একটি আধুনিক শহরের পরিচয় শুধু দৃষ্টিনন্দন ভবন বা প্রশস্ত সড়কে নয়; বরং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থায়। নাগরিকদের করের অর্থ তখনই সার্থক, যখন তারা নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত পরিবেশে চলাচল করতে পারেন।
জামালপুরকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে হলে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান গ্রহণ করতে হবে। খাল-নালা পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।
জলাবদ্ধতা শুধু একটি নগর সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি এবং জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি জড়িত। তাই আজই কার্যকর উদ্যোগ না নিলে আগামী দিনে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে।
একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জলাবদ্ধতামুক্ত জামালপুর- এটাই হোক আমাদের সবার প্রত্যাশা।
