মেলান্দহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রুহুল আমিন রাজু :
জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস দমন এবং অপরাধমুক্ত সমাজ গঠার লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেছেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। জনগণের জানমাল রক্ষায় প্রশাসন ও পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
গতকাল বুধবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা।
সভার শুরুতে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রেরণা হয়ে থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আইনের শাসনভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং প্রয়োজনে ডগ স্কোয়াডসহ বিশেষায়িত ইউনিটের সহায়তায় অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করতে হবে। একটি নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত মেলান্দহ গড়তে তুলতে প্রশাসন ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের বিকল্প নেই।
সভায় বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নির্মূল, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
