নান্দিনায় চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা বাজারে ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নির্মিত ৪ (চার) তলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে নান্দিনা মাছ বাজার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন ও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, নান্দিনা বাজার শুধু জামালপুরের নয়, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে কেনাকাটা করতে পারবেন।
তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকা-ের অংশ হিসেবে বাজার, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ। তিনি বলেন, পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই এলজিইডির লক্ষ্য। আধুনিক এই মার্কেট ভবন ও মাছ বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করেছে এবং এটি এলাকার বাণিজ্যিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এবং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নবাব হোসেন জুয়েল।
বক্তারা বলেন, নান্দিনা বাজারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মার্কেট ভবন ও মাছ বাজার নির্মাণের ফলে ব্যবসায়ীরা পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে ক্রেতারাও উন্নত পরিবেশে কেনাকাটার সুযোগ পাবেন। তারা এ প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা নতুন মার্কেট ভবন ও মাছ বাজার ঘুরে দেখেন।
পরে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রানাগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জামালপুর সদর-এর বাস্তবায়নে নির্মিত ৪ (চার) তলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারটি নান্দিনা অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উন্নয়ন প্রকল্প। সংশ্লিষ্টদের মতে, এ প্রকল্পের মাধ্যমে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনের মধ্য দিয়ে নান্দিনা বাজারে আধুনিক, পরিকল্পিত ও টেকসই বাণিজ্যিক ব্যবস্থাপনার নতুন অধ্যায়ের সূচনা হলো বলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।
